Image description

রাজধানীর গুলিস্তানে চলন্ত রিকশা থেকে এক নারী যাত্রীর স্বর্ণের চেন ছিনতাই করে পালানোর সময় মনির হোসেন (৩৬) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে শাহবাগ ট্রাফিক পুলিশ।

 

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় গুলিস্তানের গোলাপ শাহ মাজার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

 

শাহবাগ ট্রাফিক জোন সূত্রে জানা যায়, আজ দুপুর ২টায় গোলাপ শাহ মাজার ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট রানা পাল। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি চলন্ত রিকশায় থাকা এক নারী যাত্রীর গলা থেকে টান মেরে স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছে। তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ধাওয়া করেন এবং দৌড়ে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

 

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা স্বর্ণের চেনটি উদ্ধার করা হয়। উদ্ধার চেনটি ভুক্তভোগীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। চেনটি ফিরে পেয়ে ভুক্তভোগী পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

শাহবাগ ট্রাফিক জোন জানায়, আটক ছিনতাইকারী মনির হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।