এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর সিনিয়র সদস্য ও আগামীর সময়ের ডেপুটি চিফ রিপোর্টার নুর মোহাম্মদকে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরাব। একই সঙ্গে এ ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি। একই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
বুধবার ইরাবের সভাপতি ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক সোলাইমান সালমান এক বিবৃতিতে বলেন, শিক্ষা সেক্টরের ঘুষ-অনিয়ম নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে ফোন করে হত্যার হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।
তারা বলেন, সংবাদে সুনির্দিষ্ট বিষয় উল্লেখ থাকার পরো একজন সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় হুমকিদাতার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তিনি যত বড় কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তিই হোন না কেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নন।
ইরাব নেতারা আরো বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি হুমকির পেছনে কোনো ব্যক্তি বা মহলের ইন্ধন রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এ বিষয়ে সাংবাদিক নুর মোহাম্মদ গত ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ৫৬৪। তিনি অভিযোগ করেন, অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে নিজেকে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেন।
এ ছাড়া শিক্ষা ক্যাডারে কর্মরত বিভিন্ন কর্মকর্তার মাধ্যমেও সরাসরি সামনে পেলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
বিএসআরএফের উদ্বেগ
সাংবাদিক নুর মোহাম্মদকে ফোনে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। একই সঙ্গে হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। নুর মোহাম্মদ বিএসআরএফের স্থায়ী সদস্য এবং দৈনিক আগামীর সময়-এর ডেপুটি চিফ রিপোর্টার।
বুধবার এক বিবৃতিতে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করা স্বাধীন সাংবাদিকতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ভয়ভীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এর পেছনে কোনো মহলের ইন্ধন রয়েছে কি না, তা-ও তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ তৈরির দাবি জানান তারা।