Image description
নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে গিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষের দরজায় লাথি মারেন এবং অফিসের সামনের ফুলের টব ও চেয়ার ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপস্থিত সংবাদকর্মীদের লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ রয়েছে।
 
বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ ছিল, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের স্বচ্ছতা রক্ষা করা হয়নি। রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ ঘেঁষা বা তাদের ঘনিষ্ঠদের নিয়োগ দেওয়া হয়েছে এবং ত্যাগী ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে— এমন দাবি করে তারা প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানান।
 
 
 
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ও মোস্তাফিজুর রহমান শফিক, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্নাসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
 
তবে ঘটে যাওয়া এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর উপজেলা পরিষদ চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
 
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সময়ের আলো/