লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হুথি বিদ্রোহীদের হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
ইসহাক দার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অসামরিক বাণিজ্যিক জাহাজে হুথিদের এই হামলার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, এ ধরনের আক্রমণ নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। একই সঙ্গে এটি নৌ চলাচলের স্বাধীনতা, সামুদ্রিক নিরাপত্তা ও লোহিত সাগরের বাণিজ্যিক যাতায়াতের জন্য বড় হুমকি। ঘটনাটির বিস্তারিত জানতে পাকিস্তান সরকার সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।
এদিকে ইয়েমেনের কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, বাব আল-মান্দেব প্রণালীর কাছে ওই মালবাহী জাহাজে হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে। ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে কোস্ট গার্ড।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন ছিলেন জাহাজের নাবিক এবং বাকি দুজন উদ্ধার ও স্থানান্তরের কাজে নিয়োজিত দলের সদস্য। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণার পর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুথিদের একের পর এক প্রাণঘাতী হামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।