খুলনায় অনিন্দ্য কুমার দাস নামে এক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ জুলাই) সন্ধ্যার পর খুলনা সদর থানাধীন ফরাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
আহত অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী নিজে জানান, আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার পরপরই পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি ছুরি দিয়ে আঘাত করে। তার চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে আমাদের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।