Image description

ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারির মেয়েকে প্রতারণা করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি ভুয়া পরিচয়ে বিভিন্ন রাজ্যে প্রায় ২৫টি বিয়ে করেছেন বলেও অভিযোগ করেছেন বিধায়ক।

 

এ ঘটনায় অভিযুক্ত অনুজ ত্রিবেদী ও তার ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশের কাছে দেওয়া অভিযোগে বিধায়ক জ্ঞান তিওয়ারি বলেন, তার মেয়ে প্রজ্ঞার সঙ্গে ২০২৪ সালে মিশ্রিখের চন্দ্রাওয়াল এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদীর ছেলে প্রখরের বিয়ে হয়। বিয়ের সময় অনুজ নিজেকে মুম্বাইভিত্তিক প্রভাবশালী আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। একই সঙ্গে তার কথিত অপরাধমূলক কর্মকাণ্ড ও আগের মামলার তথ্য গোপন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

 

বিধায়কের দাবি, স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়ার পর প্রখরের সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়া হয়। তবে বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সূত্রে প্রখরের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পান তারা।

 

 

 

জ্ঞান তিওয়ারি অভিযোগ করেন, প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যের একাধিক নারীকে সম্পর্কের ফাঁদে ফেলেছেন এবং তাদের কাছ থেকে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন। তার প্রায় ২৫টি বিয়ে করারও অভিযোগ রয়েছে।

 

ঘটনার পর মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন বলে জানান বিধায়ক। এ ঘটনায় তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

বিধায়কের অভিযোগের ভিত্তিতে রেউসা থানায় প্রতারণার মামলা করা হয়েছে। পুলিশ অনুজ ত্রিবেদী ও প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে জ্ঞান তিওয়ারি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও আদালতের প্রক্রিয়ায় নির্ধারিত হবে।