Image description
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘হামাসকে সম্পূর্ণ ও সত্যিকার অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে সরে যাবে না।’
 
তবে হামাস বলেছে, ইসরায়েল সব ধরনের আগ্রাসন বন্ধ করে গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করার শর্তেই তারা ভারী অস্ত্র হস্তান্তর করবে।
 
রোববার (৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল ১৫ দফা প্রস্তাবনা প্রত্যাখ্যান করছে।’
 
গত মাসে হামাস গাজা নিরস্ত্রীকরণ পরিকল্পনা গ্রহণের কথা জানানোর পর ট্রাম্প এটিকে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছিলেন।
 
তবে নেতানিয়াহু বলেন, ‘গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আগে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। এটি কোনো কাল্পনিক নিরস্ত্রীকরণ হতে পারে না।’ তিনি বলেন, কীভাবে সামনে এগোনো যায়, তা নিয়ে তিনি এখন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
 
ইসরায়েলে নির্বাচন হওয়ার আর মাত্র কয়েক মাস বাকি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী কোনো ছাড় দিতে চাইবেন, এমন সম্ভাবনা কম।