সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত মারা গেছেন। রবিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ফের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে তালা দিয়েছেন এবং উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করেছেন ।
এর আগে, মর্মান্তিক এ দুর্ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ইয়াসিনের মৃত্যুর খবর পাওয়ার পর শিক্ষার্থীরা ফের মহাসড়ক অবরোধ করেন।
প্রসঙ্গত, রবিবার বিকেলে বরিশালের দপদপিয়া সেতুতে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত হন ইয়াসিন আরাফাত। প্রাথমিকভাবে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, আমি ঢাকা মেডিকেলে আছি। আমাদের শিক্ষার্থী আর নেই। তার পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।