Image description

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুমিল্লার এক নারী শিক্ষক অনলাইনে কথা বলছেন–এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই নারী শিক্ষক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি হাইস্কুলের নারী শিক্ষক মাছুমা হোসেন বলে স্থানীয়রা শনাক্ত করেছেন। আজ রবিবার (৯ আগস্ট) একটি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। 

ভিডিওটিতে দেখা যায়, জুমে ওই নারী শিক্ষকের সঙ্গে তার স্বামী গোলাম সারওয়ার মিজানও ছিলেন। দুজনে আলাদাভাবে কথা বলেন। আরেকটি ফ্রেমে একজন পুরুষকে হোস্টের ভূমিকায় দেখা যায়। একাংশে শেখ হাসিনার কণ্ঠসদৃশ কথা শোনা যায়। তবে ওই অংশে কারও চেহারা দৃশ্যমান ছিল না। শুধু ইংরেজিতে শেখ হাসিনা লেখা ছিল। তবে ভাইরাল ওই ভিডিওটি কখন ধারণ করা হয়েছে–এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে নারী শিক্ষক মাছুমা হোসেনকে নিজের কর্মস্থল ও পারিবারিক পরিস্থিতি নিয়ে কথা বলতে শোনা যায়। একপর্যায়ে তিনি বলেন, মরা নিয়ে ভয় পাই না। ওরা জানে না, একজন শিক্ষকের স্বামী আক্রান্ত হলে শিক্ষকও আক্রান্ত হয়। শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়। ওরা বলে আমি কেন চাকরি করি। আমার জবপ্লেস।

উত্তরে তখন শেখ হাসিনা বলেন, ওদের শিক্ষা নেই। এ সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।

এ বিষয়ে নারী শিক্ষক মাছুমা হোসেনের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। ফলে বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, তিনি ৭ দিনের ছুটির একটি দরখাস্ত দিয়ে গেছেন। তবে ছুটি এখনও মঞ্জুর হয়নি। যেহেতু তিনি স্কুলে অনুপস্থিত, তাই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে ওই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পেলে আমরা আইনি পদক্ষেপ নেব।