Image description

গত ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেই কনসার্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সস্ত্রীক অংশ নেন। তার স্ত্রীসহ হেঁটে কনসার্টস্থলে যাওয়ার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। 

ভিডিওতে আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগ নিয়ে অসত্য তথ্য প্রচার করেছেন বিএনপি ও আওয়ামীপন্থী কিছু অনলাইন এক্টিভিস্ট। আসিফ মাহমুদের স্ত্রীসহ একটি ছবি পোস্ট করে কেউ দাবি করছেন তার হাতে থাকা ব্যাগটির দাম ৬ লক্ষ টাকা, আবার কেউ দাবি করছেন ৫ লক্ষ টাকা। 

ছবিটি পোস্ট করে আওয়ামীপন্থী এক্টিভিস্ট ডাক্তার আইজুদ্দিন দাবি করেন আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগের দাম ৬ লক্ষ টাকা।    

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাংগঠনিক সম্পাদক আসিফ সৈকত ওই ছবি পোস্ট করে লিখেন, ‘‘আসিফ সাহেব, ওয়েস্টিনের সকালের নাস্তায় হাঁস খাওয়া ভাইটি অনেক অর্থের মালিক মাশাআল্লাহ’’।

যদিও পরে আসিফ সৈকত তার পোস্টটি সরিয়েছেন।

ব্যাগের দাম ৫/৬ লক্ষ টাকা দাবিতে করা এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে। 

ভিডিওতে দৃশ্যমান ব্যাগটির ছবি রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘PRIOR ’ এ পাওয়া যায়।

এই ব্যাগ নিয়ে গত ৪ জানুয়ারি একাধিক বিজ্ঞাপন পাওয়া গেছে PRIOR এর ফেসবুক পেইজে। সেখানে ব্যাগটির দাম ১৫৮০ টাকা উল্লেখ করা হয়েছে। 

এছাড়া ভুল দাবিতে ছড়িয়ে পড়া ছবিতে ব্যাগের নাম উল্লেখ করা হয়েছে Loewe ব্রান্ডের  Medium Flamenco Purse in White Grained Calfskin. তবে দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে সেই ব্যাগ আর আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগ একই নয়। 

এ ব্যাপারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে যোগাযোগ করলে তার স্ত্রী ব্যাগটি ১৫৮০ টাকা দিয়ে কিনেছেন বলে জানিয়েছেন। প্রমাণস্বরূপ তিনি অর্ডার স্লিপ, মানি রিসিটসহ বিভিন্ন ডকুমেন্ট দ্য ডিসেন্টকে দিয়েছেন।  

এসব নথি বিশ্লেষণে দেখা যায়, আসিফ মাহমুদের মায়ের নামে চলতি বছরের ২৯ জানুয়ারি এই ব্যাগটি অর্ডার করা হয়েছিল। Bahok Courier এর মাধ্যমে সেটি রিসিভ করা হয়েছে। এই ব্যাগের সাথে আরেকটি ১৬৯০ টাকা দামের ব্যাগও অর্ডার করা হয়েছিল সেদিন। অর্থাৎ, দুটি ব্যাগ একসাথে অর্ডার করেছিলেন আসিফ মাহমুদের পরিবার। যার জন্য ৮০ টাকা ডেলিভারি চার্জসহ পেমেন্ট করেছেন মোট ৩৩৫০ টাকা।  

তথ্যের সত্যতা যাচাইয়ে দ্য ডিসেন্ট কথা বলেছে PRIOR সাথে। PRIOR এর কমপ্লেইন ডিপার্ট্মেন্টের কর্মকর্তা রেদওয়ান অর্ডার আইডি মিলিয়ে এই অর্ডারের ব্যাপারে তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের সাথে আসিফ মাহমুদের তথ্যেও হুবহু মিল রয়েছে। অর্থাৎ আসিফ মাহমুদের পরিবার থেকেই এই অর্ডার করা হয়েছিল। 

এ বিষয়ে আসিফ মাহমুদ দ্য ডিসেন্টকে বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক যে, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এমন প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এর মাধ্যমে একজন কিংবা একটি রাজনৈতিক দলের মানহানী হয়। এই ঘটনায় আমার পরিবারও মানসিকভাবে মর্মাহত। এমনটা আমরা আশা করি না। এমন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রে ন্যুনতম ভেরিফাই করে দেওয়া উচিৎ।’’