Image description

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, সুচারু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নতুন ছয়টি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। রবিবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। গত ৬ আগস্ট নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচন সম্পন্ন শেষে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে বঙ্গভবনে এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মীকে আহ্বায়ক এবং সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদকে সদস্য-সচিব করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, যা অন্যান্য সব উপকমিটির কাজের মধ্যে সমন্বয় সাধন করবে। অন্যদিকে administration ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলকে দুটি পৃথক কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যার একটি হলো ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, যা রাষ্ট্রপতি ও স্পিকারের শপথ পাঠের ফোল্ডার ও কার্যক্রমের ধারাক্রম প্রস্তুত করবে; এবং অপরটি অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, যা বিভিন্ন দপ্তরের তথ্যের ভিত্তিতে অতিথিদের তালিকা ও আমন্ত্রণপত্র তৈরি করবে।

আমন্ত্রণপত্র যথাসময়ে পৌঁছানো এবং অতিথিদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বাধীন বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটিকে। এছাড়া অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের আহ্বায়কত্বে গঠিত আসন ব্যবস্থাপনা কমিটি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি অনুযায়ী বঙ্গভবনে আসনবিন্যাস নিশ্চিত করবে। 

একই সাথে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে গঠিত অভ্যর্থনা কমিটি অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করে নেওয়া ও নির্ধারিত আসনে বসতে সহায়তা করার দায়িত্ব পালন করবে। গঠিত এসব কমিটিগুলোকে দ্রুত সভার মাধ্যমে নিজেদের কর্মপরিকল্পনা গ্রহণ ও কার্য সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে।