‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’–এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে ফেসবুকে একটি পোস্টারের ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাবেক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
রোববার (৯ আগস্ট) নিজের ওই ফেসবুক পোস্টে ফারুকী লিখেন, ‘এই বাকীডির সংখ্যা কোটি কোটি, স্যার। এদের বয়স কম এবং এরা এখনো জিন্দা, স্যার। জুলাইয়ের ইতিহাস এরাই সামনে বয়ে নিয়ে যাবে, স্যার।’
স্ট্যাটাসের শেষাংশে তিনি লিখেন, ‘জ্বি, স্যারেরা! রিয়ালিটি মাইনে নেন।’
ফারুকীর পোস্টের সঙ্গে দেওয়া ছবিতে টাঙানো একটি লাল রঙের পোস্টার দেখা যায়। সেখানে লেখা রয়েছে, ‘গুলি করি, মরে একটাই। একটাই যায় স্যার, বাকিডি যায় না!’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন অনেকেই। ওই সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের সদ্য সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন। সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে ফেসবুকে এই স্ট্যাটাস দেন মোস্তফা সরওয়ার ফারুকী।