যশোরের বাঘারপাড়ায় নিজ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার রাত নয়টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, নিহত গৃহবধূর নাম জুবায়দা খাতুন (৩২)। তার ছেলের নাম জিসান (৬)। তার স্বামীর নাম জাকির হোসেন
রাত নয়টার দিকে আক্তার হোসেন খবর পান, জাকিরের স্ত্রী ও শিশুপুত্রের লাশ খাটের ওপর পড়ে আছে। আক্তার ঘরে ঢুকে দেখেন, খাটের ওপর ছেলে জিসানের হাত ও পা গামছা দিয়ে বাঁধা আছে। একই খাটে জিসানের মা জুবায়দার গলায় ওড়না পেঁচানো। তবে ওড়নার দুই প্রান্ত জুবায়দার দুই হাতে ধরা আছে। এরপর তিনি জিসানের বাবা জাকির হোসেনকে খবর দেন। জাকির হোসেন সে সময় বহরামপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
সংবাদ পেয়ে রাত দশটার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার উপ-পরিদর্শক পলাশ জানিয়েছেন, দেখে মনে হচ্ছে না এটি আত্মহত্যা। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ঘটনাটি সন্দেহজনক। আত্মহত্যা মনে হচ্ছে না। তবে তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।