ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল থেকে এক শিবির কর্মীকে ছয় মাসের জন্য বহিষ্কার এবং তার জন্য বরাদ্দ আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) জারি করা হল প্রশাসনের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশের তথ্যানুযায়ী, বহিষ্কৃত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ৯০০৫ (সি-২) নম্বর কক্ষে আবাসিক ছিলেন।
নোটিশে বলা হয়, গত ১৯ জুলাই রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে যমুনা ব্লকের একটি অতিথি কক্ষসংলগ্ন ওয়াশরুম ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে হলের আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে তার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে হল প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির প্রতিবেদনে ওই ঘটনার সঙ্গে আব্দুল্লাহ আল মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, তার কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলা পরিপন্থি। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে হল প্রশাসন ৬ আগস্ট থেকে কার্যকরভাবে আব্দুল্লাহ আল মাহফুজকে বিজয় একাত্তর হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার এবং তার বরাদ্দ আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
নোটিশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এসএম আলী রেজার স্বাক্ষর রয়েছে। এ তথ্য হল প্রশাসনের জারি করা অফিস আদেশেও উল্লেখ রয়েছে।