নারায়ণগঞ্জ তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল ইসলাম রাজীব ছাত্রশিবিরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ছাত্রশিবিরের যদি মারামারি করার ইচ্ছা থাকে, ওই ব্যাটা তোরা ডেট দে...। তোরা ডেট দে, কবে লাগবি। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সামনে তোরা ১০ মিনিট টিকতে পারবি না।’
আজ বুধবার দুপুরে সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি।
তিনি বলেছেন, ‘তোলারাম কলেজের ভেতরে ৫ আগস্টের প্রোগ্রামে আজ ছাত্রশিবির হামলার পরিকল্পনা করে প্রায় পাঁচ শতাধিক সন্ত্রাসী নিয়ে শহীদ মিনারে জড়ো হয় এবং কলেজ রোডে ৪০/৫০ জন আসে। এখানে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে। টিচাররা তাদের বের করে দেয়। অনুষ্ঠানের পরে আমাদের ছেলেরা বের হলে তারা নির্মমভাবে হামলা করে তাদের আহত করে। ওরা ছুরি চাপাতি পিস্তল নিয়ে এসেছিল। ছাত্রদল সংঘর্ষ চায় না। নয়তো আমরা প্রস্তুতি নিয়ে রাখতাম।’
এদিকে কেন্দ্রীয় বিএনপি নেতাদের উদ্দেশ্যে ক্ষোভ ঝেড়ে এই ছাত্রদল নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘নারায়ণগঞ্জ ছাত্রদল মার খেয়ে মরে যাক, তবুও আপনারা কমিটি দিয়েন না, শুধু জানাজায় আসলেই হবে।’
প্রসঙ্গত, বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ঘটেছে ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আহত হয়েছেন দুইপক্ষের পাঁচজন। তোলারাম কলেজ ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনে এ ঘটনা ঘটে।