ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া রাবার বুলেটে রুবেল (৩১) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রুবেল মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মাঠপাড়া (শ্রীনাথপুর) গ্রামের মজিবুর খানের ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবির একটি সূত্র জানায়, রুবেল কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের অভ্যন্তরে বিএসএফের ফতেহপুর ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি আহত হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুবেল আহত হওয়ার বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, কাঁটাতারের সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে রুবেল আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। ঘটনার পর পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সকালে বিওপির মাধ্যমে বিষয়টি জানতে পারেন তারা।
প্রাথমিক তথ্যে জানা গেছে, আহত রুবেল গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার দিন তিনি কয়েকজন সহযোগীকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছোড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শীর্ষনিউজ