Image description

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী বাংলাদেশ সফরে এসেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান ও ইলমি সেমিনারে অংশ নেবেন তিনি।

বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য এবং খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, একটি ফ্লাইটে আজ দুপুর ২টা ১০ মিনিটের দিকে মুফতি আবুল কাসেম নোমানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সফরকালে তিনি রাজধানীর নিউমালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ দেশের কয়েকটি কওমি মাদ্রাসায় আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী ৭ আগস্ট (শুক্রবার) তিনি ঢাকা ত্যাগ করে ভারতের দেওবন্দে ফিরে যাবেন।

 

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘ইলমি সেমিনার’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

 

বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আবদুল মতিন রচিত জামে তিরমিজি-এর ব্যাখ্যাগ্রন্থ কিফায়াতুল মুগতাযি (প্রথম থেকে সপ্তদশ খণ্ড) প্রকাশ উপলক্ষে আয়োজিত এ সেমিনারের প্রতিপাদ্য ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা অংশ নেবেন।

একই দিন বিকেল ৩টায় রাজধানীর মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত ‘আত্মশুদ্ধি ও আত্মগঠন’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসাটির মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। এতে দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

মাওলানা নাসীরুল্লাহ বলেন, ‘দেওবন্দের মুহতামিমের এই সফর দেশের দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা তার বক্তব্য ও দিকনির্দেশনা থেকে উপকৃত হবেন বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম ও শাইখুল হাদিস। ইসলামি শিক্ষা, হাদিসচর্চা, দাওয়াহ ও ইসলাহি কার্যক্রমে দীর্ঘ অবদানের কারণে তিনি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। তার বাংলাদেশ সফরকে ঘিরে দেশের কওমি অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

কালবেলা