Image description

বগুড়া বিভাগ গঠনে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শনিবার রাতে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় একথা জানালেন তিনি।

বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন’ বিষয়ক ওই সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, ‘বগুড়ায় চার জেলার মাননীয় এমপিরা (সংসদ সদস্য) স্বেচ্ছায় এসে বগুড়াকে বিভাগ করার বিষয়ে সমর্থন দিয়েছেন। আমার মনে হয় যে, মাননীয় প্রধানমন্ত্রীর এখন খুব একটা কষ্ট হবে না।’ বিভাগ করার ক্ষেত্রে বগুড়ার সঙ্গে অন্য চার জেলা হিসেবে সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধার নাম জানিয়েছেন তিনি।

সভায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালকে ১৮০০ শয্যায় উন্নীতকরণ এবং নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরসহ বগুড়ার নানা বিষয়ে আলোচনা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নগর সেবাসহ বগুড়ার সামগ্রিক অগ্রগতির জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও কমিটি গঠন করা হচ্ছে। এ লক্ষ্যে জেলার অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকা এবং ১২টি পৌরসভার জন্য ২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে।’

বর্ষাকালীন জরুরি রাস্তা মেরামত ও সংস্কারে নিজ নিজ এলাকার ১০ কোটি টাকা করে প্রকল্প প্রস্তাব জমা দিতে প্রত্যেক সংসদ সদস্যকে অনুরোধ জানান বগুড়া ২ আসনের এই এমপি।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসাইনসহ জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন সভায়।