Image description
মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে দায়িত্ব কতদিনের, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপ্রধান—সবখানেই এখন সেই আলোচনা।
 
৫৪ পেরোনো বাংলাদেশ এ পর্যন্ত পেয়েছে ২২ জন রাষ্ট্রপতি। তবে তাদের সবাই পুরুষ। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন—এবার কি প্রথম নারী রাষ্ট্রপতির দেখা মিলছে?
 
তবে এই আলোচনায় মানবাধিকারকর্মী, আমলা, সাবেক উপদেষ্টার পাশাপাশি বরাবরের মতোই শীর্ষে বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্যের নাম।
 
এ বিষয়ে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যাকে দিয়ে সবচেয়ে বেশি কাজ হবে, প্রধানমন্ত্রী তাকেই রাষ্ট্রপতি বানাবেন।
 
দলের জন্য নিবেদিত ও গ্রহণযোগ্য কেউই সর্বোচ্চ সাংবিধানিক পদে আসতে পারেন উল্লেখ করে তিনি আরও বলেন, দলের সিনিয়র নেতারা ও প্রধানমন্ত্রী বসেই সিদ্ধান্ত গ্রহণ করবেন কাকে রাষ্ট্রপতি বানানো যায়। তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারেন, একজন রেনাউনড মানুষ হতে পারেন, দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হতে পারেন, কিংবা দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন, সিনিয়র এবং সবার পছন্দের মানুষ হতে পারেন। এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করেই কেবল সিদ্ধান্ত নেওয়া হবে।
 
এদিকে দলের একাধিক সূত্র জানাচ্ছে, সেপ্টেম্বরের শুরুতেই হবে রাষ্ট্রপতি নির্বাচন।
 
রাষ্ট্রপতি নির্বাচন কবে হতে পারে—এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকবেন আন্টিল ইলেকশন। নেক্সট পার্লামেন্ট, আমাদের সেপ্টেম্বরের সেই সময়ে, এটা পার্লামেন্টে ভোটে যাবে।
 
তাই জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরুর আগে স্থায়ী কমিটি ও মন্ত্রিপরিষদ বৈঠকের দিকেই থাকছে সবার চোখ।