নিট প্রশ্নফাঁস ইস্যুতে জবাবদিহিতার দাবিতে আন্দোলনরত তরুণদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে এমন আশ্বাস পেলে অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। অন্যথায় তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জীতেন্দ্র সিংয়ের কাছে লেখা এক চিঠিতে ওয়াংচুক বলেন, আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যেন এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য কোনও তরুণ আন্দোলনকারীকে কোনও ধরনের শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থার মুখোমুখি না করার স্পষ্ট আশ্বাস দেওয়া হয়।
তিনি উল্লেখ করেন, আন্দোলনকারীরা কেবল একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থার জন্যই আওয়াজ তুলছেন।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচির অংশ হিসেবে তিন সপ্তাহ অনশনের পর গত শনিবার যন্তর মন্তর থেকে ৫৯ বছর বয়সী এই আন্দোলনকারীকে সরিয়ে দেয় পুলিশ। তবে তিনি অনশন ভাঙতে অস্বীকৃতি জানান। বর্তমানে গুরগাঁওয়ের বেসরকারি মেদন্ত হাসপাতালে তার অনশনের ২৫তম দিন চলছে।
চিঠিতে গত রাতে মেদন্ত হাসপাতালে এসে দেখা করার জন্য নাড্ডা ও জীতেন্দ্র সিংকে ধন্যবাদ জানান ওয়াংচুক। তিনি উল্লেখ করেন, মন্ত্রীরা তাকে আশ্বাস দিয়েছেন যে প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদে প্রশ্নফাঁস ইস্যু নিয়ে আলোচনার বিষয়টি সরকার বিবেচনা করবে। এর মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি বিবেচনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি জানান।
পুলিশি নির্যাতনের অভিযোগ সত্ত্বেও সোমবারে সংসদে অভিমুখে নেওয়া পদযাত্রাটি ‘অত্যন্ত শান্তিপূর্ণ’ ছিল বলে জোর দেন এই আন্দোলনকারী।
ওয়াংচুক জানান, গত কয়েক ঘণ্টায় প্রায় ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন এবং তিনি নিজেও তার শিক্ষার ক্ষেত্রে ফিরে যেতে চান। তবে আন্দোলনের কেন্দ্রে থাকা তরুণদের বলি দিয়ে তা সম্ভব নয় উল্লেখ করে তিনি তাদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাসের দাবি জানান।
তিনি আরও বলেন, এমন আশ্বাস দেওয়া হলে আমি এই বিশ্বাস নিয়ে অনশন শেষ করব যে সরকার কেবল আমার আবেদনই শোনেনি, বরং লাখ লাখ তরুণ ভারতীয়দের আকাঙ্ক্ষাকেও শ্রদ্ধা জানিয়েছে।
আন্দোলন দমনে পুলিশ যেন আর কোনও বলপ্রয়োগ না করে, সে আশাবাদও ব্যক্ত করেন তিনি।
প্রশ্নফাঁস ইস্যুতে সরকারের জবাবদিহিতার দাবিতে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। অবহেলার অভিযোগে দুই দিন আগে তাকে সফদারজং হাসপাতাল থেকে মেদন্তে স্থানান্তর করা হয়। এর আগে তিনি লাদাখের রাজ্য মর্যাদার দাবিতে আন্দোলন করেছিলেন এবং লেহ-তে একটি আন্দোলন সহিংস রূপ নিয়ে চারজন নিহত হওয়ার পর গত বছর তাকে প্রায় ছয় মাস আটক রাখা হয়েছিল।
সূত্র: এনডিটিভি