বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল চূড়ান্ত অস্ট্রেলিয়ার। শক্তিশালি দল ঘোষণা করে অজিরা স্পষ্ট করেছে নাজমুল হোসেন শান্তদের কোন ছাড় নয়। অজিদের কাজ শেষ, এবার প্রস্তুতির পালা। এদিকে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে শুরু থেকেই দলের মূল ক্রিকেটারদের পাবে কিনা সেই অপেক্ষায় বাংলাদেশ।
১ ও ৩ আগস্ট টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া পাপড়ি দেওয়ার কথা বাংলাদেশের। পুরো দল দুই ভাবে দেশ ছাড়বে। তার আগে ২৫ জুলাই থেকে মিরপুরে অনুশীলনে নামার কথা টেস্ট সদস্যদের। কিন্তু এখনও লিটন দাস, নাহিদ রানা, শরিফুল ইসলামদের পুরোপুরি ফিট ঘোষণা করতে পারছে না টিম ম্যানেজমেন্ট।
বুধবার লিটন দাস ও নাহিদ রানার স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই দল চূড়ান্ত করার পরিকল্পনা প্রধান নির্বাচক হাবিবুল বাশারের, ‘খুব দুশ্চিন্তায় আছি। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে সিরি জ অথচ এখনও দলের মূল কয়েকজন ক্রিকেটার নিশ্চিত খেলবে কিনা তা বলতে পারছি না। আবার এবাদত হোসেন পিতৃত্বকালীন ছুটিতে আছে দেশের বাইরে। নিয়মিত একজন টেস্ট বোলারকেও পাচ্ছি না। দল গোছানো নিয়ে চিন্তাই হচ্ছে।’
তবে প্রধান নির্বাচক মনে করিয়ে দিলেন ইনজুরি খেলার অংশ। এই দুশ্চিন্তা সঙ্গে করেই এগিয়ে যেতে হবে। টেস্ট দলের মূল ব্যাটার লিটন প্রথমে কুঁচকির ইনজুরি, পরে কাফ মাসলের ইনজুরিতে পড়েছিলন। নাহিদ রানা পাঁজরের পেশিতে টান অনুভব করে জিম্বাবুয়েতে শেষ টি-টোয়েন্টি খেলেননি। শরিফুল হ্যামস্ট্রিং চোটে পড়েন।
এর মধ্যে শরিফুল কিছুটা ভালো অবস্থানে। তবুও সবশেষ পরিস্থিতি জানতে বুধবার রাতে তিনজনের স্ক্যান করানো হবে। তাদের স্ক্যান রিপোর্ট জানার পর দল ১৫ সদস্যের হবে না বেশি তা ঠিক করবেন নির্বাচকরা।
ইনজুরির কারণে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে পারেননি লিটন। একই কারণে মোস্তাফিজুর রহমান খেলতে পারছেন না ইংল্যান্ডের দি হান্ড্রেড টুর্নামেন্টে। অবশ্য মোস্তাফিজ টেস্ট দলের অংশ নন।
তবে এই ইনজুরিগুলো দেখে সতর্ক তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজের পরপরই এলপিএল দল জাফনা কিংসে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির চিন্তায় শ্রীলঙ্কা যাচ্ছেন না। যে খবরকে হাবিবুল বাশার ‘বিশাল স্বস্তির’ বললেন।