Image description

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ চালিয়ে যেতে আরও ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এ সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মে মাসের হিসাবের তুলনায় প্রায় ৮ বিলিয়ন ডলার বেশি।

মঙ্গলবার মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে হেগসেথ জানিয়েছেন, মে মাসে প্রকাশিত সর্বশেষ হিসাবের তুলনায় সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন কংগ্রেস দ্রুত অতিরিক্ত অর্থায়নের অনুমোদন না দিলে সীমিত করতে হতে পারে সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম । বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই।

হেগসেথ আরও জানিয়েছেন প্রতিরক্ষা বিভাগ অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দের আবেদন করেছে। এর মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের জন্য ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

তিনি সতর্ক করে বলেছেন, অতিরিক্ত অর্থায়ন না পেলে সেনাসদস্যদের বেতন পরিশোধ, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পুনরায় মজুত এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনায় সক্ষমতা ব্যাহত হতে পারে।

এর আগে হোয়াইট হাউস আগামী অর্থবছরের জন্য পেন্টাগনের বাজেটে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব কংগ্রেসে পাঠিয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক ব্যয় নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

এদিকে যুক্তরাষ্ট্র টানা ১১তম দিনের মতো ইরানে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের পাল্টা হামলাও চলছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে।