টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বংশাই থলপাড়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার হাসমতের ছেলে জিতুল (১৮), রংপুর জেলার সাজ্জাদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে ৪০ জন যুবক নৌকা নিয়ে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া নদীর ওপর বিদ্যুতের তার স্পৃষ্ট হয় ৬ জন। এদের মধ্যে ঘটনাস্থলে দুজন অজ্ঞান হয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসে। এরপর কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।
মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি সুরতহাল শেষে টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।