বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। এজন্য তাকে ধন্যবাদ জানাই। এটা বাংলাদেশের সাধারণ জনগণের একটা আঙক্ষার জায়গা ছিল। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিষয়ে আশ্বাস শুনেছি। এ জন্য তাকে অগ্রীম ধন্যবাদ।
বুধবার জাতীয় সংসদে তিনি একথা বলেন।
বিরোধী দলীয় নেতা আরো বলেন, রাজধানী ঢাকার বেহাল অবস্থা এবং একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগ ও জনস্বাস্থ্যের হুমকির কথা তুলে ধরে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা। এই ঢাকাকে ‘দেশের চেহারা’ অভিহিত করে তিনি এই সমস্যা সমাধানে একটি সমন্বিত এবং সুচিন্তিত মহাপরিকল্পনা গ্রহণ ও বাজেটে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এ ছাড়া সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অন্তত যারা মারা গেছেন তাদের জন্য বিশেষ আর্থিক সহযোগিতা করতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ঢাকার সমস্য প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা আরো বলেন, এই সমস্যা বর্তমান সংসদ বা সরকারের নয়, এটা অতীত সমস্ত জঞ্জাল এবং ঝামেলা জমে আজকে এই অবস্থায় এসেছে। উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে বাজেটে কিন্তু সেই উন্নয়ন অধরা হয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। আমরা এখন একটু জনগণের উন্নয়নটা দেখতে চাই, জনগণের সমস্যার সমাধানটা হোক সেটা আমরা দেখতে চাই।
তিনি বলেন, রাজধানী শহর হচ্ছে দেশের ফেস। বিদেশ থেকে যারা বিচার করে তারা সিলেটের, রাজশাহীর বা ময়মনসিংহের ওয়েদার কেমন এটা বিবেচনায় নেয় না, বিবেচনায় নেয় ঢাকা শহরের ওয়েদার। এটা দেখামাত্র তাদের একটা স্টাডি আমাদের সম্পর্কে তৈরি হবে। তারা সেভাবেই আমাদের সঙ্গে ডিল করবে। তাই এই ফেসটাকে আমাদের রক্ষা করা দরকার, উজ্জ্বল করে তোলা দরকার।