Image description

ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের (ডিএসএসসি) মেয়র পদে নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, সেই সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিয়েছি। জনগণ যদি তাকে নির্বাচন করতে বলেন এবং সেই প্রত্যাশা ব্যক্ত করেন, তাহলে সে আবেদনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’ এ এসব কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, মেয়র পদে নির্বাচন করব কি না, সেটা জনগণই সিদ্ধান্ত নেবে। আমরা বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিই। যদি জনগণ বলে এবং তাদের পক্ষ থেকে প্রত্যাশা আসে যে নির্বাচন করা দরকার, তখন সে ভিত্তিতেই সিদ্ধান্ত নেব। জনগণের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হচ্ছে। দেখা যাক, আরেকটু সময় যাক।

 

তিনি আরও বলেন, জনগণ যখন আমাকে চাইবে, তখন জনগণের ক্ষমতার চেয়ে শক্তিশালী ক্ষমতা আর কিছু হতে পারে না। জনগণ যখন চাইবে, তখন অবশ্যই জনগণের উইলে বিজয়ী হব, ইনশাআল্লাহ। প্রার্থী হওয়াটা জনগণের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

 

প্রসঙ্গত, সাদিক কায়েমের রাজনৈতিক জীবনের সূচনা ঘটেছিল ২০১৩ সালে ছাত্রশিবিরে যোগদানের মাধ্যমে। ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে চট্টগ্রামে থাকার সময় থেকেই তিনি তৎকালীন আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। পরবর্তীতে ২০২৫-২০২৬ সেশনে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন, যেখান থেকে গতকাল তিনি বিদায় নিয়েছেন।

 

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন সাদিক কায়েম। শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার প্ল্যাটফর্ম 'স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার' (সেইভ)-এর পরামর্শদাতা, 'বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ'-এর সাধারণ সম্পাদক এবং 'পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ'-এর সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তিনি 'হিল সোসাইটি' নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও প্রতিষ্ঠা করেন।

 

শিক্ষাজীবন খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে ২০১৪ সালে দাখিল এবং ২০১৬ সালে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন সাদিক কায়েম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অত্যন্ত সফলতার সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। বর্তমানে তিনি ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।