শিক্ষার্থীদের জোর করে চাপ দিয়ে পরীক্ষাটা যে নিলেন, ছাত্রছাত্রীদের চাপটা নিতে পারবেন তো? এমন মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। আজ (১৪ জুলাই) সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, এমনিতেই এইচ এস সি বোর্ড পরীক্ষা হলো ছাত্রজীবনের অন্যতম প্রেশারের পরীক্ষাগুলোর একটা। এর মাঝে এই একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হয়ে যাইত? এই বৈরী আবহাওয়াতে যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মারিয়ে এইরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে গেছে, তাদের সাফারিংস আর ট্রমা বোঝেন?
তাসরিফ লেখেন, ভেজা শরীরে পরীক্ষা দিয়ে কি পরিমাণ শিক্ষার্থীর জ্বর আসছে তাদের আবেগ অনুভূতি বোঝেন? এতো কিছু সাফার করে তারা আপনাকে খুশিতে চুমু খেতে চাইবে নাকি আপনার পদত্যাগ চাইবে? আপনাদের মতো বুড়া ধামরাগুলা দেশ বদলাবে নাকি ছাত্রছাত্রীরা বদলাবে এই সহজ ম্যাথ কেন মাথায় যায় না?
তিনি আরও লেখেন, আর খেয়াল করেছি, ছাত্রছাত্রীরা যৌক্তিক আন্দোলনে নামলে কেন ওদের ট্যাগিং করা জরুরি হয়ে যায়? ভুল করলে সেই ভুলটা কেন স্বীকার করা যায় না? সময় থাকতে শিক্ষার্থীদের মানসিকতা এবং আবেগ বোঝার চেষ্টা করেন। চেয়ারে বসে গেলে লজ্জা শরম কমে যায় আমরা জানি সুতরাং পদত্যাগ করেন আর না ই করেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ ভালোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার দ্রুততার সাথে গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের যে কোন যৌক্তিক দাবির সাথে ছিলাম, আছি এবং অবশ্যই থাকবো।