জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছত্রভঙ্গ হয়ে সংসদ ভবনের সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা।
এর আগে আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন তারা।

এরপর বিকেল ৩টা ৪০ মিনিটে আবার ফিরে আসেন সায়েন্স ল্যাবে। সেখান থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সংসদ ভবনের দিকে যান তারা। সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের দুই নম্বর গেটের সামনে অবস্থান নেওয়ার পর সাড়ে ছয়টার দিকে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
একই দাবিতে দিনভর বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরায়। এছাড়া, চট্টগ্রাম, রাজশাহী ও কুমিল্লাসহ আরও বেশ কয়েকটি জেলাতেও বিক্ষোভ করেছেন তারা।
সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন আলটিমেটামে বলেছেন, ‘আজ সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় গ্রহণ করা এবং যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা। একই সঙ্গে আগামীকাল বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তেজগাঁও কলেজের ফারহান সাদিদ জানিয়েছেন, ‘আজকে সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নতুন যিনি শিক্ষামন্ত্রী আসবেন— তিনি যেন আগামীকালের পরীক্ষা পিছিয়ে দেন। আপাতত এখন শিক্ষামন্ত্রীর পতত্যাগ প্রধান দাবি।