অন্তর্বর্তী সরকার জামায়াত-বিএনপির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে একতরফা নির্বাচন উপহার দিয়েছে এবং যা অবাধ ও নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
এই নির্বাচনের ফলে এখনও দেশে মবের মাধ্যমে বিরোধী মতের মানুষের ওপর অত্যাচার চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর পল্লী নিবাসে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভায় এসব কথা বলেন তিনি।
চব্বিশের জুলাই আন্দোলনে গণ-অভ্যুত্থান নয় বলে মন্তব্য করে জি এম কাদের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভয়াবহ। এই চিত্র দেখে মনে হচ্ছে, দেশ এখনও বৈষম্যমুক্ত হয়নি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হয়নি। তাই জুলাই গণ-আন্দোলন এখনও অসমাপ্ত রয়েছে।
এ সময় ভবিষ্যতে দেশের সার্বিক প্রেক্ষাপট পরিবর্তন করে ন্যায়, নিরাপত্তার বাংলাদেশ গড়তে নতুন একটি গণ-আন্দোলন আসতে পারে বলেও ইঙ্গিত করেন জাপা চেয়ারম্যান।
অভিযোগ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার ও বিরোধী দল জাতীয় পার্টিকে কোণঠাসা করার নানামুখী ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সারা দেশে দলকে সুসংগঠিত করতে নেতাদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় পার্টির মাধ্যমেই উত্তরের আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে তিনি জানান।
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতিচারণা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা।