আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে নেয়া প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিবেচনার আগে প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা আবারও পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “পরিদর্শনে পরিস্থিতি সন্তোষজনক পাওয়া গেলে এরপর সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।”
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হতো। তাই ঘটনার পরপরই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।”
তিনি জানান, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি চিহ্নিত করে সেগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কারকাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বা চলমান রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ত্রুটি সংশোধনের দাবি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সবকিছু সন্তোষজনক পাওয়া গেলে সরকার পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ভুক্তভোগী পরিবারের বিষয়ে তিনি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে আদালত ও আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।”
মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো হাসপাতালটিকে কোনো চূড়ান্ত ছাড় দেয়নি। পুনঃপরিদর্শনের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শীর্ষনিউজ