ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন।
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে পে স্কেলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে এ পর্যন্ত অন্যান্য যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোতে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।’
নতুন ঋণ কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের পক্ষ থেকে নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হচ্ছে এবং সরকার সেগুলো ধাপে ধাপে বা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।
আর্থিক খাতে সরকারের চলমান পদক্ষেপের প্রশংসা করে অর্থমন্ত্রী আরও যোগ করেন, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার ও কর খাতের প্রবৃদ্ধিসহ সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।