Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দীর্ঘদিনের অভ্যাসের কথা উল্লেখ করে বলেছেন, আমার পকেটে যদি হাত দেন ব্যবহৃত টিস্যু বের হবে। ছোটকাল থেকেই আমার এ অভ্যাস। তিনি বলেন, ‘‘একটু আগে যে মাটি ধরেছি, সেখানে হাত ধোঁয়ার পর ব্যবহার করা টিস্যুটিও পকেটে নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এখানে ফেলে দিলে তো পরিবেশ দূষিত হবে। আমি আপনাদের সচেতনতার কথা বলে নিজেই মানলাম না। এটাতো ঠিক হতে পারে না।’’

সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদীতে বৃক্ষ রোপণ শেষে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ তার সফরসঙ্গী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘যখনই আমি টিস্যু ব্যবহার করি, তা কোথাও না ফেলে নিজের পকেটে রেখে দিই। আমার প্যান্টের যেকোনও পকেটে হাত দিলেই টিস্যু বের হয়ে আসবে। এছাড়া সারা দিনের সব কিছু গিয়ে পকেটে জমা হয়। বাসায় গিয়ে ময়লা রাখার ঝুড়িতে তা ফেল দিই।’’