৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করা মো. বাচ্চু রহমানের বাবা নজরুল ইসলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য।
সন্তানের এ সাফল্যকে সম্মান জানাতে সোমবার (০৬ জুলাই) দুপুরে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি বাচ্চু রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া এ সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় তিনি বলেন, একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তানের এ গৌরবোজ্জ্বল অর্জন শুধু তার পরিবারের নয়, বরং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের জন্যই গর্বের বিষয়। এ ধরনের সাফল্য বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং দেশসেবায় আত্মনিয়োগের প্রেরণা জোগাবে।
বাচ্চু রহমান তার এ অর্জনের পেছনে পিতা-মাতার অবদানের কথা স্মরণ করে বলেন, আমার বাবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগ তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। পাশাপাশি পরিবারের অবিচল সমর্থন এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।