Image description

প্রচলিত বাম দলগুলো ইহলৌকিক সমস্যার পরলৌকিক সমাধানের কথা ভাবেন বলে মন্তব্য করেছেন আইনজীবী, লেখক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বামপন্থিদের একটি বড় অংশ এখনও দূরবর্তী বিপ্লবের ধারণাকে প্রাধান্য দেয়।

 

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

হাসনাত কাইয়ূম বলেন, প্রচলিত বামপন্থিরা মনে করেন কোনো একসময় বিপ্লব হবে এবং এরপর সমাজের সমস্যাগুলোর সমাধান হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই ধরনের রাজনীতি জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।

 

তিনি বলেন, আজকের বাংলাদেশের জন্য বড় বিপ্লবের চেয়ে সংস্কার বেশি জরুরি। দেশে নির্বাচন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ও বিচার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেগুলো কার্যকরভাবে কাজ করছে না। এসব প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তোলার পরিবর্তে এমনভাবে সংস্কার করতে হবে, যাতে সেগুলো কার্যকর ও জনবান্ধব হয়ে ওঠে।

হাসনাত কাইয়ূম আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করার পরিবর্তে কুশিক্ষিত করে তুলছে। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করতে হবে, যাতে তা মানবিক ও জ্ঞাননির্ভর হয় এবং সমাজে বিভাজন সৃষ্টি না করে।

 

তিনি বলেন, বামপন্থিরা যদি দীর্ঘমেয়াদি বিপ্লবের চিন্তার বাইরে এসে সমসাময়িক সংস্কারের প্রশ্নে অগ্রাধিকার না দেয়, তাহলে জনগণ তাদের পাশে দাঁড়াবে না।