Image description

বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় দলের ক্রিকেটার ইশমা তানজিম। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার দাবি করেছেন, পুরোপুরি খেলার মতো ফিট থাকা সত্ত্বেও পুরোনো চোটের অজুহাত দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দলের ভেতরে নানা ধরনের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

 

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিকেএসপিতে বাংলাদেশ নারী ইমার্জিং দলের প্রস্তুতি ক্যাম্প চলছে। প্রথম ধাপের ২৭ সদস্যের প্রাথমিক দলে থাকলেও পরবর্তী ধাপে ঘোষিত ২১ সদস্যের চূড়ান্ত ক্যাম্পে জায়গা হয়নি ইশমার।

 

এরপরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন বলে নিজেই জানিয়েছেন।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ইশমা বলেন, তাকে জানানো হয়েছে ফিটনেস সমস্যার কারণেই বাদ দেওয়া হয়েছে। তবে তার দাবি, গোড়ালিতে পুরোনো একটি চোট থাকলেও তিনি খেলার জন্য প্রস্তুত ছিলেন। তার ভাষ্য, ওই চোটকে কারণ দেখিয়ে বলা হয়েছে পরবর্তী ক্যাম্পের জন্য তিনি উপযুক্ত নন। পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের ভেতরে বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

 

আত্মহত্যার চেষ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে রোববার তাকে বাসায় নেওয়া হয়েছে। ইশমা বলেন, ক্রিকেটকে ভালোবেসেই তিনি খেলেছেন, আর্থিক লাভের কথা কখনো ভাবেননি। প্রিয় খেলাটিকে ঘিরেই তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। তাই এই পরিস্থিতি তিনি মেনে নিতে পারেননি। আক্ষেপ করে তিনি আরও বলেন, জাতীয় দলের হয়ে অভিষেকের সেই স্মরণীয় ম্যাচের ছবিও তার কাছে নেই।

 

জানা গেছে, গত শুক্রবার আত্মহত্যার চেষ্টা করার পর রোববার তার জ্ঞান ফিরে আসে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেননি। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, ফিটনেস বিবেচনাতেই ইমার্জিং দলের ক্যাম্পে রাখা হয়নি ইশমাকে।

 

ইশমা তানজিম এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।