Image description

জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদনের অভিযোগে উপস্থাপিকা সোমা ইসলাম, সাংবাদিক আনিস আলমগীর, মডেল জান্নাতুল পিয়া ও মোমিন মেহেদী নামের ব্যক্তিসহ ৬ জনের বিরুদ্ধে জিডি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এশিয়া পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষে এই জিডি করেন সংগঠনটির সদস্য মিল্লাত হোসেন। অভিযুক্ত অন্য দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও অভিনেত্রী শামীমা তুষ্টি।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত চলছে। যেহেতু সাইবার সংক্রান্ত অভিযোগ, তাই সেটি ডিবির সাইবার বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব ও জুলাই আহত এ এন এম আয়াস জানান, টেলিভিশন টকশো, সামাজিক যোগায়োগ মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে উপহাস, এর স্মৃতিস্তম্ভ অবমাননার ও আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করে যাচ্ছিলেন অভিযুক্ত এই ৬ জন। দেড় হাজার শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, দেশে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার পরও একটি সংগঠনের পক্ষে ও একটি ঐতিহাসিক রক্তক্ষয়ী আন্দোলনের বিরুদ্ধে প্রতিণিয়ত অবমাননা করা হচ্ছে। ভারত এবং আওয়ামী লীগের পক্ষে একটিভিজম করতে বিশেষ এজেন্ডা নিয়ে এরা মাঠে নেমেছে বলে আমরা মনে করি। জীবন দিয়ে হলেও দেশবাসী গণশত্রুদের রুখে দেবে। ’

অতিদ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান এ এন এম আয়াস।