Image description

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর কমলাপুর স্টেশন আগামী বছরের মার্চে চালুর লক্ষ্যে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে। সংস্থাটির কর্মকর্তারা মনে করছেন, কমলাপুর স্টেশন চালু হলে মেট্রোরেলের দৈনিক যাত্রীসংখ্যা বাড়বে অন্তত ২০ শতাংশ।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। ২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬ এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। ডিএমটিসিএল জানিয়েছে, প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, উত্তরা থেকে মতিঝিল অংশে প্রতিদিন পাঁচ লাখ যাত্রী পরিবহনের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কমলাপুর স্টেশন চালু হলে দেশের সবচেয়ে বড় রেলস্টেশনের সঙ্গে মেট্রোরেলের সরাসরি সংযোগ তৈরি হবে।

এতে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের বিপুলসংখ্যক যাত্রী মেট্রোরেলে যুক্ত হবেন। পাশাপাশি গোপীবাগ, কমলাপুর, মান্ডা ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্যও যাতায়াত আরও সহজ হবে। ফলে দৈনিক যাত্রীসংখ্যা অন্তত ২০ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নগর বিশেষজ্ঞ আদিল মুহাম্মদ খান বললেন, ‘কমলাপুর স্টেশন চালুর পাশাপাশি ভবিষ্যতে মেট্রোরেল যদি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালনা করা যায়। তাহলে দৈনিক যাত্রীসংখ্যা নির্ধারিত লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যেতে পারে।’

এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আব্দুল ওহাব বললেন, ‘বিদ্যুৎ, সিগন্যাল ও মেকানিক্যালসহ বিভিন্ন কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর লক্ষ্য নিয়ে কাজ করছি। এর আগে ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।’