ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ইরাক সীমান্তসংলগ্ন এলাকায় কথিত সন্ত্রাসী বন্দুক হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় কেরমানশাহ প্রদেশের পাভে কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। আইআরজিসির জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অজ্ঞাত বন্দুকধারীরা একটি বাড়ির প্রবেশপথে গুলি চালায়। বাহিনী এ ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতক সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।
আইআরজিসি জানিয়েছে, নিহতরা স্থানীয় ইউনিটের সদস্য ছিলেন। হামলায় আহত দুই সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, হামলার উদ্দেশ্য, এর পেছনের প্রেক্ষাপট এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এদিকে, সোমবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সারাভান শহরে একটি পরিবারের বহনকারী গাড়িতে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে। এতে পরিবারের বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং মা গুরুতর আহত হন।
শীর্ষনিউজ