Image description

অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা রোধ ও গ্রাহক সচেতনতা বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় দেশের সব ফাইন্যান্স কোম্পানিকে ব্যাংক হিসাবের তথ্য, পিন, পাসওয়ার্ড বা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করা এবং সন্দেহজনক লিংকে ক্লিক থেকে বিরত থাকাসহ কয়েকটি বিষয়ে গ্রাহকদের সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ (এফসিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এটি দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, আমানতকারী ও গ্রাহকের স্বার্থ সংরক্ষণ, গ্রাহক সেবার মান নিশ্চিতকরণ এবং গ্রাহকের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংকের হটলাইন (১৬২৩৬) চালু রয়েছে। এ নম্বরের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং ও আর্থিক সেবা বিষয়ে যে কোনো জিজ্ঞাসা বা অভিযোগ জানাতে পারেন।

এতে আরও বলা হয়, অনলাইনে আর্থিক প্রতারণা রোধ এবং গ্রাহক সচেতনতা বাড়াতে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের নিয়মিত সতর্ক করতে হবে।

নির্দেশনায় গ্রাহকদের ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের পিন, পাসওয়ার্ড বা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করা, সন্দেহজনক লিংকে ক্লিক, লিংক থেকে কোনো ফ্রি অ্যাপস ইন্সটল করা এবং অনলাইন জুয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভলেপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন ধরনের লাইসেন্সবিহীন অনলাইন অ্যাপস থেকে জামানতবিহীন অনলাইন ঋণ বা বিনিয়োগ বা অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত প্রস্তাব গ্রহণ না করতে বলা হয়েছে।

কোনো প্রলোভনমূলক অফার (লটারি, পুরস্কার ইত্যাদি) পেলে তা যাচাই ছাড়া বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।