Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে দলগুলোর কাছে পাঠানো হয় এ নোটিশ।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনি ব্যয়ের বিবরণী নিরীক্ষার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের বিবরণী জমা না দেওয়ায় গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের অনুরোধ করা হয়েছিল। পরে ১৯ মে জারি করা সতর্কীকরণ নোটিশে ১৩ জুনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও দলগুলো ব্যয়ের হিসাব জমা দেয়নি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যয়ের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে সময় বাড়াতে পারে। এরপরও হিসাব দাখিল না করলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এ অবস্থায় নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ার বিষয়ে কেন ১০ হাজার টাকা জরিমানাসহ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না, তার ব্যাখ্যা অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।

যেসব রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।