Image description

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই মঙ্গলবার রাতে দেশের অন্তত তিন বিভাগে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা মেঘমালার কারণে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটির পিএইচডি গবেষক এবং আবহাওয়া ডটকমের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পলাশ আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ পূর্বাভাস দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

মোস্তফা কামাল পলাশ জানান, রাত ৮টার পর থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে এবং রাত সাড়ে ৮টার পর থেকে রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে এর প্রভাব পড়বে। এরপর রাত ৯টা থেকে ১০টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুচ্চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৫২ মিলিমিটার। এছাড়া নীলফামারীর ডিমলায় ৪৬ এবং নেত্রকোনায় ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।