Image description

মাগুরা সদর উপজেলা বেরইল পলিতা ইউনিয়ন রামদেরগাতী এলাকায় ২৫ হাজার টাকার বিনিময়ে এক শিশুকে বিক্রি করে দেন বাবা সাগর হোসেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিক্রির ৫২ দিন পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

 

উপজেলার মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর গ্রামে শাহাবুরের কাছে শিশুটিকে বিক্রি করেছিলেন সাগর।

বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৭ এপ্রিল ২৫ হাজার টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে বিক্রি করা হয়েছিল।

পুলিশ সুপার বলেন, গত ২৭ এপ্রিল শিশুটির মা তানজিলা খাতুন সন্তানের খোঁজ করতে থাকলে অভিযুক্ত বাবা সাগর হোসেন তাকে নানাভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেন।

সাগর বলেন, শিশুটিকে জিনে নিয়ে গেছে। জিনের মাধ্যমে ফেরত আনার আশ্বাস দিয়ে প্রায় ২ মাস পার করেন তিনি।

 

পরে তথ্য-প্রযুক্তির সহযোগিতা ও স্থানীয়দের মাধ্যমে বিক্রি হওয়া শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার হওয়া শিশুটি তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।