Image description

নিষিদ্ধ ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম কবির হোসেন।

পুলিশ জানায়, গত ১ জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মাসুদ মধুকে গ্রেপ্তার করা হয়। পরে ধানমন্ডি থানার একটি মামলার পাশাপাশি ঝালকাঠি থানার পাঁচটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। আদালতে সোপর্দ করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা এবং আব্দুল মন্নানের ছেলে। তিনি ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিতে রাজধানীর ধানমন্ডির ১২ নম্বর সড়কের তাকওয়া মসজিদ এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা মিছিল করে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মাসুদ মধুকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুসহ ছয়জনের নাম উল্লেখ করা হয় এবং আরও প্রায় ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার এক নম্বর আসামি মাসুদ মধু।

ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান জানান, ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তারের পর ঝালকাঠি থানায় থাকা পাঁচটি মামলার তথ্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।