চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ফরিদ উদ্দীন খান দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় প্রকৌশলী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অসুস্থ মায়ের খোঁজ নিতে বুধবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন ফরিদ উদ্দীন। বৃহস্পতিবার সকালে তিনি দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পেটে ব্যথা অনুভব করেন। পরে তিনি পাবলিক টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘ সময় পরও বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, ফরিদ উদ্দীন একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার মা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাকে দেখার উদ্দেশ্যেই তিনি বাড়ি ফিরছিলেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, সকালে ঢাকা থেকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পেটে ব্যাথা অনুভব করলে পাবলিক টয়লেটে প্রবেশ করেন। সেখানে অসুস্থ হয়ে ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শীর্ষনিউজ