Image description

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম মন্তব্য করেছেন, পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, সাময়িক রাস্তা অপসারণ হয়েছে। পদ্মা সেতুর পিলারের নিচে মাটি কাটার বিষয়ে যা ছড়িয়ে পড়েছে, সে বিষয়টি ভুল।

 

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

সড়কমন্ত্রী বলেন, পিলারের নিচে মাটি অপসারণে সেতুর ক্ষতি তো হবেই না বরং নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ঠিক হবে। পদ্মা সেতুর পিলার করতে গিয়ে যে সাময়িক রাস্তা ছিল, সেটা অপসারণ হয়েছে, যা আগের সরকারের সময়েই করা উচিত ছিল।

 

বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই মন্তব্য করে শেখ রবিউল আলম বলেন, রাজধানী থেকে বাস টার্মিনাল ও ঢাকার আশপাশের এলাকাগুলোর সঙ্গে কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস, মেট্রো ও মনোরেলের সমন্বিত যোগাযোগব্যবস্থা করা হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সোহাগ, গ্রিন লাইনের মতো মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব পরিবহনের অফিস বা যেখান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে, সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট রয়েছে, ভালো পরিবেশ রয়েছে। কিন্তু অন্য বাস স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই।

 

বাস ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এবং একটি স্থায়ী শৃঙ্খলা আসবে আশা করে মন্ত্রী বলেন, তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। এই শৃঙ্খলা পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।

 

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে রেলের জন্য ১৫০ বগি কেনা হবে। এসব বাস্তবায়ন করা গেলে রাজধানীর যানজট অনেকটাই কমে যাবে।

 

এ সময় মেট্রো স্টেশনে ও পিলারে পোস্টার লাগানো রোধে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়ার আহ্বানও জানান সড়কমন্ত্রী।