Image description

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের ১ নম্বর ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিংয়ের পর পরীক্ষামূলক কার্যক্রমের সময় দেখা দিয়েছে কারিগরি ত্রুটি। ফলে কেন্দ্রটির পরীক্ষামূলক প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে।

​তবে রূপপুর কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি সারিয়ে শিগগিরই আবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সময়ই এই কারিগরি ত্রুটিটি ধরা পড়ে।

​রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সৈকত আহমেদ জানান, গত শুক্রবার 'কোল্ড রান' বা শীতলীকরণ পরীক্ষার সময় সিস্টেমে চাপ দেওয়ার (প্রেসারাইজড) পর্যায়ে একটি কারিগরি ত্রুটি চিহ্নিত হয়। এর পরই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

তিনি আশ্বস্ত করেন, সমস্যাটি ছোট। ইতিমধ্যে তা মেরামতের কাজ শুরু হয়েছে। ত্রুটি সমাধান হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে সিস্টেমের কার্যক্রম আবার শুরু হবে।

রূপপুর প্রকল্পের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, রাশিয়ার নির্মাণকারী কর্তৃপক্ষকে (ঠিকাদার প্রতিষ্ঠান) ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে।

​এ বিষয়ে রুশ পরমাণু শক্তি সংস্থা 'রসাটম'র আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে রসাটমের জনসংযোগ (পিআর) এজেন্সির একজন প্রতিনিধি জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পরীক্ষামূলক ধাপে (কমিশনিং) এ ধরনের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক।

প্রতিনিধির ভাষ্য, কমিশনিংয়ের সময় অনেক সমস্যা সামনে আসে। সেগুলো চিহ্নিত করে সমাধান করছি আমরা। সবকিছু নিখুঁতভাবে কাজ করলেই কেবল কেন্দ্রটি মূল উৎপাদনে যায়। তাই উদ্বেগের কিছু নেই।

এর আগেও জ্বালানি লোডিংয়ের আগের পরীক্ষায় রিঅ্যাক্টর কুলিং পাম্পে (আরসিপি) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম বন্ধ করতে হয়েছিল। পরে সেই ত্রুটি সারিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে পুরো প্রক্রিয়াটি কয়েক সপ্তাহ পিছিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, আইএইএ পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবগত।

সৈকত আহমেদ বললেন, কমিশনিংয়ের সময় বিভিন্ন সমস্যা স্বাভাবিকভাবেই সামনে আসে, যা উদ্বেগের নয়। আইএইএ এই প্রক্রিয়াটি খুব ভালো করেই বোঝে।