Image description

একটি বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তীব্র সমালোচনা করেছেন গাইবান্ধা-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। তিনি প্রশ্ন তুলেছেন, যারা নিজেদের ‘জান্নাতের সোল এজেন্ট’ দাবি করে এবং জান্নাতের টিকিট বিলি করার ন্যারেটিভ চালায়, তারা কীভাবে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করতে পারে।

 

রোববার (১৪ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 

বাজেট আলোচনায় অংশ নিয়ে শামীম কায়সার বলেন, ‘নীল নদের পানি যেমন নীল না, তেমনি দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব-নিকাবের প্রতি সম্মান থাকবে—বিষয়টি আসলে এমন নয়। আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে শ্রদ্ধাশীল হওয়া উচিত।

বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে—জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা (দলের নির্বাচনী প্রতীককে ইঙ্গিত করে), নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ।

 

সরকারের ধর্মীয় ও আদর্শিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ লিখে দিয়েছেন। তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আপনার (স্পিকার) মাথার ওপর রেখেছেন ‘বিসমিল্লাহ’ এবং দুয়ারে দুয়ারে লিখিয়েছেন ‘সর্বশক্তিমান আল্লাহ’। এটিই হলো ফ্যাক্ট। বৈশ্বিক পরিস্থিতিতেও আমাদের হিকমা (কৌশল) অবলম্বন করে ইসলামের মৌলিক বিষয়গুলো এড়িয়ে যেতে হয়নি।

শামীম কায়সার আরও বলেন, আমরা একটি জবাবদিহিতামূলক সরকার এবং জবাবদিহিতামূলক সংসদ দেখতে পাচ্ছি। দলের ভেতরেও এখন যে পরিবেশ বিরাজমান, তারই ফলশ্রুতিতে আজ সংসদে আত্মসমালোচনা সম্ভব হচ্ছে। আমাদের ব্যক্তি স্বাধীনতার সুরক্ষায় আরও সোচ্চার হতে হবে।