রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে সাবেক এক নেতাকে পুলিশে দিয়েছে একদল শিক্ষার্থী। আজ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রক্টর দপ্তরের সহায়তায় তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সোলাইমান। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে অবস্থানকালে কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে প্রক্টর দপ্তরে নিয়ে যান।
রাবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘সোলাইমান আমাদের এক শিক্ষার্থীকে টর্চার সেলে নির্যাতনের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। সেই শিক্ষার্থী ও তার বন্ধুরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগকে পুনরায় সক্রিয় করার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
মতিহার থানার ওসি গোলাম কবির বলেন, ‘সোলাইমান মোবাইল ফোনে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন গোপন কার্যক্রম পরিচালনা করছিল বলে তথ্য পাওয়া গেছে। সংগঠনটির সদস্যরা গোপন বৈঠকের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। এসব তথ্যের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।’