Image description

রংপুরে এক ফুটবল সমর্থকের ব্যতিক্রমী দল পরিবর্তনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন এক তরুণ।

 

শনিবার (১৩ জুন) বিকেলে নগরীর টাউন হল চত্বরে আয়োজিত এ ব্যতিক্রমী কর্মসূচিকে ঘিরে উপস্থিত জনতার মধ্যে হাস্যরস ও কৌতূহলের সৃষ্টি হয়।

দল পরিবর্তন করা ওই তরুণের নাম আবু হুজাইফা। তিনি নগরীর পূর্ব গেট মেডিকেল পাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে রংপুরের একটি বেসরকারি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিংয়ে অধ্যয়নরত।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুধ দিয়ে গোসল করার পর তিনি ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরিধান করেন এবং আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সদস্য হওয়ার ঘোষণা দেন।

 

এ সময় আবু হুজাইফা বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করতাম। কিন্তু আমার সময়ে ব্রাজিলকে কোনো বড় শিরোপা জিততে দেখিনি। যখনই ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা দেখেছি, আর্জেন্টিনাকেই সফল হতে দেখেছি। তাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস, লড়াকু মানসিকতা ও দলগত পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে।

 

তিনি আরো বলেন, ‘২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতা দেখেছি। ২০১৮ সালেও তারা সফল হতে পারেনি। ২০২২ সালেও শিরোপা জিততে পারেনি। শুনেছি ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে, কিন্তু আমার জীবদ্দশায় তাদের বিশ্বকাপ জিততে দেখিনি। তবে ব্রাজিলকে সাত গোল খেতে দেখেছি।

তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি আর্জেন্টিনার সমর্থক।’

 

দুধ দিয়ে গোসল করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি মজার ছলে বলেন, ‘অনেকেই বলেন, ব্রাজিলের গায়ে গন্ধ। তাই দুধ দিয়ে গোসল করে সেই গন্ধ ধুয়ে ফেলেছি। এখন আমি পুরোপুরি আর্জেন্টিনার মানুষ।’

তার এমন মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। অনেকেই মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেন।

এদিকে ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে টাউন হল এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। কেউ বিষয়টিকে নিছক বিনোদন হিসেবে দেখেছেন, আবার কেউ ফুটবল সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী ফুটবল দল। দীর্ঘদিন ধরে এ দলের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা রয়েছে। রংপুরের একজন ব্রাজিল সমর্থকের আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবে যোগ দেওয়া আমাদের জন্য আনন্দের বিষয়।’

তিনি আরো বলেন, ‘এক মণ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থক হওয়ার মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। আমরা আশা করি, সময়ের সঙ্গে আরো অনেক ফুটবলপ্রেমী আর্জেন্টিনার প্রতি আকৃষ্ট হবেন এবং আমাদের কার্যক্রমে যুক্ত হবেন।’