Image description

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ, পেকুয়ার বীরসন্তান ওয়াসিম আকরামের বাড়িতে এখন চলছে শোক ও উৎসবের মিশ্র আবহ।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে এসে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন- এ খবরে নতুন করে আশায় বুক বেঁধেছেন শহীদ ওয়াসিমের মা জোসনা বেগম।

ওয়াসিমের পরিবার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজারপাড়া এলাকায় বসবাস করেন। সন্তান হারানো এই মা দীর্ঘদিন ধরে কান ও গলার বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। সন্তান হারানোর পর থেকে প্রতিটি মুহূর্ত শোকে পাথর হয়ে কাটছে অসুস্থ মা জোসনা বেগমের। 

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে তার প্রধান চাওয়া, নিজ চোখে তার সন্তানের আত্মত্যাগের স্বীকৃতি দেখা এবং ছেলে হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হওয়া।

শহীদ ওয়াসিমের মায়ের মতো অন্য শহীদ পরিবারগুলোও দেশে ন্যায়বিচার দেখতে অধীর অপেক্ষায় দিন গুনছেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরকালে পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবারের এ দুঃসময়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি ওয়াসিমের মা ও পরিবারের জন্য এক পরম সান্ত্বনা ও আবেগের মুহূর্ত হতে চলেছে। 

উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় তিনি নির্মমভাবে নিহত হন।