Image description

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।


 

স্থানীয়রা জানায়, বুধবার সকালে উপজেলার কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলারের কাছে এক বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির অবস্থান ও সতর্কতার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। বিকেলের দিকে কাঁটাতারের দুই পাশ থেকে উভয় দেশের কিছু নাগরিক একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভারতীয় পক্ষের লোকজন সেখান থেকে সরে যায়।

 

 

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।